প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি নিজেই প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার রাত সাড়ে আটটার কিছুক্ষণ পর ডিবি কার্যালয় থেকে মুঠোফোনে প্রথম আলোকে আনিস আলমগীর জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাঁকে সেখানে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, তাদের প্রধান তাঁর সঙ্গে কথা বলবেন।
আনিস আলমগীর বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ধানমন্ডি থেকে নেওয়া হয় এবং রাত আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছানো হয়। এরপর থেকে তিনি সেখানে অপেক্ষা করছেন। তখন পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি বলেও জানান তিনি।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।
এদিকে আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে ডিবির তিনজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Jashore Now